নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সংগ্রহ কার্যক্রম ও দুই শতাধিক নতুন নেতাকর্মীর যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মে) দুপুরে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরকার। তিনি তার বক্তব্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে সাংগঠনিক ঐক্য, রাজনৈতিক সচেতনতা এবং নতুন নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার ও ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে এনসিপি তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের আহমেদ তামজীদ, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাতুল, অ্যাডভোকেট মো: সেলিম মিয়া, সদস্য নারায়ণগঞ্জ জেলা এন সি পিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় এনসিপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং নতুন যোগদানকারীদের ফুল দিয়ে দলে বরণ করে নেওয়া হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে নারায়ণগঞ্জে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং জনগণের অধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় দল আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

