রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনের গোপন গুদামে অভিযান চালিয়ে ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এতে প্রায় ৩০ লাখ টাকা রাজস্ব জড়িত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের দুটি প্রতিরোধী দল মোহাম্মদপুরের শ্যামলী ও জয়েন্ট কোয়ার্টার এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি গুদাম বন্ধ পাওয়া যায়। পরে ভবনের দারোয়ান ও মালিকের সহযোগিতায় গুদাম শনাক্ত করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন গোয়েন্দা দলের সদস্যরা।

একটি গুদাম থেকে প্যাট্রন ন্যানো ব্র্যান্ডের ২ লাখ ২ হাজার ২০০ শলাকা, মন্ড স্ট্রবেরি ১০ হাজার, মন্ড সিলভার ১৬ হাজার ৬০০ এবং ওরিস ন্যানো ২৬ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। অপর গুদাম থেকে অরবিট, মন্ড, প্যাট্রন ও ওরিস ব্র্যান্ডের আরও ৬১ হাজার ২০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে গোয়েন্দা দল জানতে পারে, দুটি গুদামের প্রকৃত মালিক একই ব্যক্তি। তিনি বৈধ ব্যবসার কথা বলে গুদাম দুটি ভাড়া নিয়েছিলেন। দিনের বেলায় গুদামগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকত। রাতে সেখানে মালামাল এনে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো বলে দারোয়ান জানিয়েছেন।

এনবিআর জানিয়েছে, গুদাম মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দ করা সিগারেট অবৈধ হওয়ায় সেগুলো নিকটস্থ কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী সময়ে এসব সিগারেট ধ্বংস করা হবে।

এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশি ও নকল সিগারেট সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।

Share.
Leave A Reply

Exit mobile version