তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা কাটছেই না। সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন এখনও পুরোপুরি নিশ্চিত না হওয়ায় অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি–র মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ আপাতত পিছিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে এখনও কাজ চালিয়ে যাচ্ছে। দলটির দাবি যাচাই না হওয়া পর্যন্ত শপথ আয়োজন করতে রাজি নন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
এরইমধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। এছাড়া আরও কয়েকটি দল ও নির্দলীয় সদস্যও বিজয়ের পাশে দাঁড়াতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে টিভিকের আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।
জানা গেছে, রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন। পরে তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, যেখানে তিনিই বর্তমানে রাজ্যপালের দায়িত্ব পালন করছেন।
বুধবার (৬ মে) রাজ্যপালের সঙ্গে বৈঠক করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানান বিজয়। এ সময় তার দলের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন আদায়ের বিষয়টি তুলে ধরা হয়।
সূত্র আরও জানিয়েছে, টিভিকের সাধারণ সম্পাদক আধব অর্জুন আইনি দলকে সঙ্গে নিয়ে আবারও রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন। কংগ্রেসের পাঁচ আসনের সমর্থন যোগ হলেও একটি আসন বাদ পড়ায় বর্তমানে তাদের সমর্থন দাঁড়িয়েছে ১১২-এ। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনও আরও ছয়টি আসনের সমর্থন প্রয়োজন দলটির।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ। তবে কংগ্রেস ছাড়াও কোন দল বা নির্দলীয় সদস্যরা বিজয়ের শিবিরে যোগ দেবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

