ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা ৯৬ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তন শিক্ষার্থী বিশ্বনাথ শর্মা ১৯৫০ সালের জুন মাসে ১৬ লাইট ক্যাভালরিতে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ভারতীয় সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জেনারেল বিশ্বনাথ শর্মা ছিলেন ভারতের প্রথম পরমবীর চক্র (মরণোত্তর) প্রাপ্ত বীর সেনা কর্মকর্তা মেজর সোমনাথ শর্মার ছোট ভাই।

সাবেক সেনাপ্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক শোকবার্তায় তিনি বলেন, জেনারেল বিশ্বনাথ শর্মা একজন অসাধারণ সামরিক নেতা ছিলেন, যিনি নিষ্ঠা, সাহস ও সম্মানের সঙ্গে দেশসেবা করেছেন। একই সঙ্গে তিনি তার পরিবারের গৌরবোজ্জ্বল সামরিক ঐতিহ্যও সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীও এক বিবৃতিতে জেনারেল শর্মার মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। সেনাবাহিনীর ভাষ্য, তিনি ছিলেন একজন দূরদর্শী সামরিক নেতা, যার নেতৃত্ব, কর্তব্যনিষ্ঠা এবং সামরিক শ্রেষ্ঠত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version