কিংবদন্তি অভিনেত্রী এলসা অ্যাগুইরে মারা গেছেন। তিনি মেক্সিকান চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনয় শিল্পী ছিলেন। গত ১৪ জুলাই মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৫ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর। দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারফর্মাস (এএনডিআই) সংস্থা নিশ্চিত করেছে এ তথ্য।
সংবাদমাধ্যম এক্সপ্রেসে ইউকের প্রতিবেদন অনুযায়ী, এএনডিআই অভিনেত্রী এলসাকে মেক্সিকান চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম আইকনিক ও আদর্শ অভিনেত্রী হিসেবে অভিহিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
প্রখ্যাত এ অভিনেত্রী পুরো ক্যারিয়ারে ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে অধিকাংশই ছিল মেক্সিকান প্রযোজনা। তবে ১৯৫৬ সালের হলিউড ক্লাসিক চলচ্চিত্র ‘জায়ান্ট’-এও অভিনয় করেন তিনি। মহাকাব্যিক ড্রামা ঘরানার চলচ্চিত্রটিতে এলিজাবেথ টেইলর, রক হাডসন অভিনয় করেছিলেন। এছাড়াও ছিলেন জেমস ডিন, যা ছিল অভিনেতার শেষ চলচ্চিত্র।
এলসার কৈশোরেই দীর্ঘ ক্যারিয়ারের শুরু হয়। ‘ক্ল্যাসা ফিল্মস মুন্দিয়ালেস’ নামক একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থার আয়োজনে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে প্রথমে নজর কাড়েন তিনি। রিয়েলিটি শোটির সূত্র ধরেই ১৯৪৫ সালে এমিলিও গোমেজ মুরিয়েল পরিচালিত ‘এল সেক্সো ফুয়ের্তে’ চলচ্চিত্রে তিনি এবং তার বোন আলমা রোসা প্রথমবারের মতো পর্দায় হাজির হন। দুই বোন একসঙ্গে অভিষেক করলেও এলসা অল্প সময়ের মধ্যেই বড় তারকায় পরিণত হন।
১৯৪০ এবং ১৯৫০-এর দশকজুড়ে ‘কুইদাদো কন এল আমোর’, ‘লা মুহের কে ইও আমে’, ‘আকাপুলকো’, ‘পানচো ভিলা ই লা ভ্যালেন্তিনা’ ও ‘ভাইনিয়া, ব্রনসে ই মরির’র মতো ক্লাসিক চলচ্চিত্রে অভিনয় করেন এলসা।


