মার্কিন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাই ৬০০ এলবি লাইফ’ –এর পরিচিত মুখ ডলি মার্টিনেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
ডলির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন লিন্ডসে কুপার। মার্কিন সংবাদমাধ্যম Entertainment Weekly–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বোনের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিন্ডসে কুপার লিখেছেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার সুন্দরী বোন আর নেই। ডলির ব্যক্তিত্ব ছিল অসাধারণ। তার হাসি, দয়া ও স্নেহময়তা যেকোনো পরিবেশকে আলোকিত করত। তার উষ্ণতা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।”
তিনি আরও লিখেছেন, “ডলির চলে যাওয়ায় আমরা ভেঙে পড়েছি। তবে সান্ত্বনা পাই এই ভেবে যে, সে এখন স্বর্গে আমাদের বাবার সঙ্গে আছে। শান্তিতে ঘুমাও—তোমাকে সবসময় ভালোবাসা হবে, কখনো ভোলা যাবে না।”
এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর লিন্ডসে ভক্তদের কাছে ডলির জন্য দোয়া ও সহানুভূতি কামনা করেছিলেন। কয়েকদিনের মধ্যেই আসে তার মৃত্যুর খবর।
ডলি মার্টিনেজ টিএলসি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘মাই ৬০০ এলবি লাইফ’–এর দশম সিজনে অংশ নিয়ে দর্শকদের নজরে আসেন। অনুষ্ঠানে অতিরিক্ত ওজনের মানুষের ওজন কমানোর সংগ্রাম ও চিকিৎসার যাত্রা তুলে ধরা হয়।
২০২১ সালে প্রচারিত পর্বে দেখা যায়, ডলির ওজন ছিল প্রায় ৫৯৩ পাউন্ড। শারীরিক জটিলতার কারণে তিনি সাপ্লিমেন্টাল অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলেন। চিকিৎসার অংশ হিসেবে তিনি হিউস্টনে গিয়ে শোয়ের পরিচিত ব্যারিয়াট্রিক সার্জন ডা. নাউ’র তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
তবে শেষ পর্যন্ত তিনি প্রায় ৪০ পাউন্ড ওজন কমাতে সক্ষম হলেও অস্ত্রোপচারের অনুমোদন পাননি।
ডলির মৃত্যুতে তার পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

