ঢাকা এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির এই আগমন কোনো আনুষ্ঠানিক সফরে নয় বরং ভুটানে যাওয়ার পথে অল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় ট্রানজিটের জন্য অবস্থান করেন।
ফিফা সভাপতির সম্ভাব্য আগমনকে সামনে রেখে গতকাল বেশ ব্যস্ত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। যদিও তখন তার আসা নিয়ে ধোঁয়াশা ছিল। শেষমেশ ইনফান্তিনো ঢাকাতে এসেছেন।
খুব বেশিক্ষণের জন্য ঢাকায় থাকবেন না তিনি। ঘণ্টা দুয়েকের মতো থেকেই তিনি ভুটানের বিমানে উঠবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে অবস্থান করেছেন ফিফা সভাপতি। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্য সহ-সভাপতিরা।
ফিফা সভাপতি মরক্কো থেকে এসেছেন ঢাকায়। তার মূল গন্তব্য ভুটানের রাজধানী থিম্পুতে। তবে মরক্কো থেকে থিম্পুর যাওয়ার সরাসরি ফ্লাইট নেই, যে কারণে তাকে এখানে বিরতি নিতে হয়েছে।
ফিফা সভাপতি অবশ্য পূর্ণাঙ্গ সফরে একবার ঢাকায় এসেছিলেন। ২০১৯ সালে এই অক্টোবরেই তিনি বাফুফেতে আসেন।

