ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে ৭ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। এ নিয়ে মার্চ মাসে মোট চার দফায় ২২ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি করা হলো।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ১৪৬ ঘণ্টা সময় নিয়ে চালানটি মঙ্গলবার সকালে ডিপোতে পৌঁছায়।
এর আগে মার্চ মাসে তিন দফায় মোট ১৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়। এর মধ্যে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০ হাজার টন ডিজেল দেশে আসে।
সব মিলিয়ে মার্চ মাসে চার দফায় মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে।
ডেপুটি ম্যানেজার আরও জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে।



