বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (বৈছাআ) যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেছেন দলটির চুয়াডাঙ্গা জেলা কমিটির নেত্রী রিংকু আক্তার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডি ‘Rinku Akter’ থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। ৮ মিনিট ৫৩ সেকেন্ডের ওই লাইভে সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কারণ তুলে ধরেন রিংকু।

ফেসবুক লাইভে এসে বৈছাআর চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনটির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিংকু।

একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

লাইভে রিংকু আক্তার বলেন, ‘আমি কখনো কারো ক্ষতি করিনি, বরং সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছি। আজ মনে হচ্ছে, এ প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আমি কখনো এনসিপি করতে চাইনি। কারো প্রতি বিদ্বেষ থেকে নয়, নিজের মানসিক শান্তির জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে বৈষম্যবিরোধী সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।

তিনি আরও বলেন, বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আমি কখনো এনসিপি করতে চাইনি, কখনো করবও না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমি এনসিপির নেত্রী নই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম।

এই নেত্রী আরও বলেন, আমি একজন মেয়ে, আমার সংসার আছে। আমি নোংরা রাজনীতিতে জড়াতে চাই না। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেব।

তবে কী কারণে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে লাইভে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version