বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদে ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য ড. হানান হাসান বালখিকে মনোনয়ন দিয়েছে সৌদি আরব।

জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হানান বালখির। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক-তিন স্তরেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সোমবার হানান বালখির মনোনয়নের ঘোষণা দেয় সৌদি আরব।

হানান বালখি বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংস্থাটির অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক প্রথম সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগ ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।

সৌদি আরব জানিয়েছে, হানান বালখিকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম আরও এগিয়ে নেওয়া এবং সদস্যদেশগুলোর প্রয়োজন মেটাতে সংস্থাটির সক্ষমতা বাড়াতে অবদান রাখতে চায় দেশটি। একই সঙ্গে সমতা, স্বচ্ছতা ও দক্ষতার নীতি জোরদার এবং বিশ্বজুড়ে স্বাস্থ্য ও জনকল্যাণে কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

সৌদি আরবের ভাষ্য, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার এবং দেশগুলোকে আরও দক্ষ, টেকসই ও সংকট মোকাবিলায় সক্ষম স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হানান বালখির মনোনয়ন সেই ভূমিকার প্রতি সৌদি আরবের আস্থারও প্রতিফলন।

এ ছাড়া স্বাস্থ্যবিষয়ক বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে নিজেদের অঙ্গীকারের কথাও জানিয়েছে সৌদি আরব। স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনমতো মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার কথা জানিয়েছে দেশটি।

সৌদি আরবের মতে, এসব উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

Exit mobile version