উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মেক্সিকো গিয়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। তবে পরিবারের আর্থিক অনটন এবং মেক্সিকোর ভিসা বাতিল হয়ে যাওয়ার পর জীবন অনিশ্চয়তায় পড়ে যায় তার। পরে ভালো আয়ের আশায় রাশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে যুদ্ধে জড়িয়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন এই বাংলাদেশি তরুণ।
যদিও সপ্তাহখানেক আগেই তার মৃত্যু হয়েছে, বিষয়টি জানাজানি হয় সোমবার (২০ এপ্রিল) রাতে।
মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মসুদ মিয়া।
মঙ্গলবার (২১ এপ্রিল) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আমতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল আহমদ।
পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য মো. ইকবাল আহমদ জানান, উচ্চশিক্ষার উদ্দেশ্যে মেক্সিকোতে যান মুহিবুর। কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে গেলে হঠাৎ করেই সংকটের মুখে পড়ে তার ভবিষ্যৎ। এই সুযোগে একটি দালাল চক্র তাকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তাব দেয়। তাকে বলা হয়, যুদ্ধে অংশ নিলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে এবং যুদ্ধ শেষে রাশিয়ার নাগরিকত্বও মিলবে।
এই প্রলোভনে সাড়া দিয়ে রাশিয়ায় যান মুহিবুর। সেখানে সামরিক প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় সম্মুখযুদ্ধে। দীর্ঘদিন রুশ বাহিনীর হয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় তাকে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাঙ্কারে অবস্থান করার সময় ইউক্রেনের একটি ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর রহমান।
রাশিয়ান সেনাদের জন্য খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে প্রথমে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়।
মুহিবুরের মৃত্যুর সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

