মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি কন্যাসন্তান জন্মের সুখবর জানান।
লেভিট জানান, গত ১ মে তাদের পরিবারে আসে ছোট্ট ‘ভিয়ানা’, যার ডাকনাম ‘ভিভি’। তিনি বলেন, নবজাতক সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে বড় ভাইও নতুন অতিথিকে ঘিরে দারুণ আনন্দে সময় কাটাচ্ছে। পরিবারজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এটি লেভিট ও তার স্বামী নিকোলাস রিচিওর দ্বিতীয় সন্তান।
ভিয়ানার জন্মের কয়েক দিন আগেই হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। অনুষ্ঠানে উপস্থিত বিখ্যাত জাদুকর ও মানসপাঠক ওজ পার্লম্যান লেভিটের অনাগত সন্তানের নাম অনুমান করার চেষ্টা করছিলেন।
মজার বিষয় হলো, পার্লম্যান যখন ‘ভিয়ান’ নামটি উচ্চারণ করেন, ঠিক সেই সময় অনুষ্ঠানস্থলে এক সশস্ত্র ব্যক্তির প্রবেশচেষ্টার খবর ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত অতিথিদের মধ্যে।
পরে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।
এদিকে, ক্যারোলাইন লেভিট বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে থাকায় হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ ব্রিফিং পরিচালনার দায়িত্ব অস্থায়ীভাবে মন্ত্রিসভার সদস্যদের ওপর দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ ব্রিফিং কক্ষে উপস্থিত হন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ করে ইরান ইস্যুতে তার দৃঢ় বক্তব্য হোয়াইট হাউস কর্মকর্তাদের প্রশংসা কুড়িয়েছে।
আগামী দিনগুলোতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকেও সংবাদ ব্রিফিংয়ে দেখা যেতে পারে বলে জানা গেছে। এমনকি প্রয়োজন হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ব্রিফিংয়ে অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



