চাদের পূর্বাঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। রবিবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তর-মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ চাদ-এর উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ-পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া এবং পশ্চিমে নাইজার অবস্থিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর এন’জামেনা।
সরকারি সূত্র জানায়, একটি পানির কূপ নিয়ে বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত। শনিবার ওয়াদি ফিরা প্রদেশের গুয়েরেদা উপপ্রশাসনিক অঞ্চলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় রবিবার ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী, ঊর্ধ্বতন স্থানীয় কর্মকর্তা এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফকে পাঠানো হয়েছে।
আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাত রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
পূর্ব চাদে গত কয়েক বছর ধরে কৃষক ও যাযাবর আরব পশুপালকদের মধ্যে বিরোধ চলমান। বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী সুদানে চলমান সংঘাত থেকে পালিয়ে আসা শরণার্থীদের কারণে এই উত্তেজনা আরও বেড়েছে।
এনজিও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-এর হিসাব অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কৃষিজমি ও চারণভূমি নিয়ে সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন।

