ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচন। এরপর চার ধাপে ভোটগ্রহণ চলবে ২৭ মে পর্যন্ত।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের সভা শেষে এ নির্বাচনের সময়সূচি জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে কমিশনের সভা শুরু হয়।
সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট নেওয়া হবে।
এর আগে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কমিশন সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ এবং পারসোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, কার্ড ছাপানো, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি নিয়েও আলোচনার কথা ছিল।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও সভার আলোচ্যসূচিতে রাখা হয়।

