রাজধানীর নয়াপল্টন এলাকার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি হারুন অর রশীদ জানান, পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। অভিযোগ অনুযায়ী, ওই স্কুলেই শিশু নির্যাতনের ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, মামলায় নাম থাকা শারমিন জাহানকে গ্রেপ্তারের জন্য পল্টন থানা পুলিশের আরেকটি দল অভিযান চালাচ্ছে।

এর আগে, নয়াপল্টনের ওই স্কুলের ভেতরে এক শিশুকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা শিশুটিকে একটি অফিসকক্ষে নিয়ে যান এক নারী। সেখানে তিনি প্রথমে শিশুটিকে চড় মারেন। পরে উপস্থিত এক পুরুষকে শিশুটির গলা ও মুখ চেপে ধরতে দেখা যায়। আতঙ্কে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং ওই নারী তার হাত চেপে ধরে রাখেন।

ঘটনার পর শিশুটির মা রাজধানীর পল্টন থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

Share.
Leave A Reply

Exit mobile version