পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। পরে বিএনপির সমাবেশস্থলে থাকা প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও অবরোধের জেরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে কয়েক হাজার মানুষকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে আসতে শুরু করেন। তখন সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্রযাত্রায় বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। সেখানে থাকা প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এরপর নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং এর পাশের একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।
এদিকে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা কিংবা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছিল বলেও জানা গেছে।
অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন সৃষ্টি করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। এ জন্য পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।



