নেইমারকে নিয়েই ছিল ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের বড় অংশ। কিন্তু টুর্নামেন্টের শুরুতেই সেই স্বপ্নে নেমেছে অনিশ্চয়তার ছায়া। কাফের চোট এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হচ্ছে না তার। ফলে সেলেসাওদের সামনে এখন চ্যালেঞ্জ—দলের সবচেয়ে অভিজ্ঞ তারকাকে ছাড়াই ছন্দে ফেরা।

২০২৬ ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য বড় ধাক্কা। কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র সম্ভবত চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে গেছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ব্রাজিলের মেডিকেল বিভাগ। তাদের লক্ষ্য, নকআউট পর্ব শুরুর আগেই নেইমারকে শতভাগ ফিট করে দলে ফেরানো।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু পেশির চোটে পড়েন নেইমার। সেই চোট পুরোপুরি না সারলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে নিউ ইয়র্ক রেড বুলস ট্রেনিং সেন্টারে সোমবারের অনুশীলনে দলের সঙ্গে মাঠে নামেননি তিনি। সময় কাটিয়েছেন জিম ও পুনর্বাসন কার্যক্রমে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমারের চোটের সর্বশেষ অবস্থা জানতে নতুন করে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। যদিও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনো সেই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে ব্রাজিল। সেই ম্যাচে নেইমার বদলি খেলোয়াড়দের তালিকায় থাকলেও ম্যাচ কিট পরে মাঠের ধারে দেখা যায়নি তাকে। তখনই তার ইনজুরির অবস্থা নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়।

ধারণা করা হচ্ছে, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ—২০ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হবে। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেন, “নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা তাকে শুধু তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতার জন্য স্কোয়াডে রাখিনি, তার অভিজ্ঞতা ও তরুণদের অনুপ্রাণিত করার ক্ষমতাও দলের জন্য গুরুত্বপূর্ণ।”

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দিতে হবে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহাকে। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর নেইমারকে ছাড়া হাইতির বিপক্ষে ব্রাজিল কতটা কার্যকরভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Share.
Leave A Reply

Exit mobile version