নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণে কাজ করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে আয়োজিত ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা আজকের বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। অহিংসা, সাম্য, মৈত্রী, করুণা ও সহমর্মিতার ভিত্তিতে সহাবস্থানের যে জীবনদর্শন তিনি দিয়েছেন, তা অনুসরণ করলে বিশ্ব থেকে সংঘাত ও অশান্তি দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। সরকার এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।
মন্ত্রী বলেন, বুদ্ধের আদর্শ কোনো একক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্য কল্যাণকর। বর্তমান বিশ্বে নানা সংকটের প্রেক্ষাপটে ‘সব্বে সত্তা ভবন্তু সুখিতা’ বাণী অনুসরণ করে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, সরকার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বৌদ্ধ সম্প্রদায়সহ সকলের উন্নয়নে কাজ করছে।



