জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামায়াত-শিবির, এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
শুক্রবার (২২ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘ঝিনাইদহে অস্ত্রধারী দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে। বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে। অথচ সারজিস আলম পোস্ট করল, এই সন্ত্রাসীরা নাকি নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা চেষ্টা করে।’
প্রশ্ন রেখে রাশেদ বলেন, ‘তাহলে জামায়াত-শিবির নাসিরকে কেন, কী উদ্দেশ্যে হত্যার চেষ্টা করল? বিষয়টা কি এমন যে, নাসিরকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিল? বিষয়টা নাসির উদ্দিনের উপলব্ধি করা উচিত।’
নাসীরুদ্দীনের উদ্দেশে তিনি বলেন, ‘আগে সে জামায়াত-শিবিরকে ভারতের এক্সটেনশন, ভণ্ড, প্রতারক, সংস্কারবিরোধী এমনকি দলের নাম পরিবর্তন ও ইসলাম নাম কেন ব্যবহার করে ইত্যাদি বলেছে। সেই ক্ষোভ মেটাতে এবং বিএনপির ওপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামায়াত-শিবির?’
রাশেদ খান লেখেন, ‘অথচ সে দায় চাপাতে চাইল আইনমন্ত্রী, আমি ও জেলা পরিষদের প্রশাসকের ওপরে। কিন্তু সত্যতা জাতির সামনে হাজির হয়ে গেল। ঠিক ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে এভাবেই মির্জা আব্বাস ভাইয়ের ওপর দায় চাপাতে চেয়েছিল। কিন্তু দেখা গেল খুনিরা হাদী ভাইয়ের সাথেই ছিল। ঠিক আজকের অস্ত্রধারীরাও নাসির উদ্দিন পাটওয়ারীর সাথে ছিল।’
তিনি মন্তব্য করেন, ‘শহীদ ওসমান হাদীর ঘটনার সাথে আজকের ঘটনা হুবহু মিলে যাচ্ছে।’

