নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ‘সে ভিত্তিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার নেয়া নানা উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং তিনি বিশ্বব্যাপী স্বীকৃতিও অর্জন করেছেন।’ নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সরকারের সময় নেওয়া বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি জানান, আগামী ১০ মার্চ থেকে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।’

নারীদের সামগ্রিক অবদান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৬ শতাংশে নারীদের অবদান রয়েছে। গৃহস্থালির কাজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্য, কলকারখানা এবং নির্মাণসহ প্রায় সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

তিনি বলেন, ‘নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যত পরিকল্পনাই নেয়া হোক না কেনো, তার সুফল পেতে হলে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’ এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

Share.
Leave A Reply

Exit mobile version