সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মহিলা দল অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।

অতীতে মহিলা দল যেভাবে হাসিনার হৃদকম্পন তৈরি করেছে, তেমনিভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে চেষ্টা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।

রিজভী বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই নেতৃত্বের অংশ।

Share.
Leave A Reply

Exit mobile version