নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া তিনজন হলেন, হেলাল উদ্দিনের ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন ট্রলারে করে বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। পথে মেঘনা নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামের এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হেলাল উদ্দিন, তার ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন নিখোঁজ ছিলেন।
শুক্রবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সজীব, সামিয়া ও সামিনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজন হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।



