বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ মূল্য সমন্বয়ের তথ্য জানানো হয়।
জানা গেছে, পুনর্নির্ধারিত এই মূল্য আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০.০০ টাকা এবং পেট্রোল ১৩৫.০০ টাকা দরে বিক্রি হবে।
একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০.০০ টাকা।
মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল।

