ভারতের পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই রাজনৈতিক অঙ্গনে চমক তৈরি হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল থেকেই গণনা চললেও, প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র—যেখানে প্রচলিত রাজনৈতিক সমীকরণ ভেঙে এগিয়ে যাচ্ছে নতুন শক্তি।
সোমবার (৪ মে) সকাল ৮টায় শুরু হওয়া এই গণনায় শুরুতে ক্ষমতাসীনদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলাতে থাকে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়-এর নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) দ্রুতই এগিয়ে যেতে শুরু করে।
প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে টিভিকে ১০৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে) এগিয়ে আছে ৫০টি আসনে। এছাড়া অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (এডিএমকে) ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, নির্বাচন-পরবর্তী অধিকাংশ বুথফেরত জরিপে ডিএমকের জয়ের সম্ভাবনাই বেশি দেখানো হয়েছিল। তবে জেভিসি এক্সিট পোলসহ কিছু জরিপে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট এবং বিজয়ের নেতৃত্বাধীন দলের পক্ষে জনসমর্থনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল—যা এখন বাস্তব ফলাফলে প্রতিফলিত হতে শুরু করেছে।



