ফুটবলে প্রিয় দলের হার অনেক সময় ভক্তদের কাছে ব্যক্তিগত কষ্টের মতোই অনুভূত হয়। ২০২৬ ফিফা বিশ্বকাপে জার্মানির অপ্রত্যাশিত বিদায়েও তার ব্যতিক্রম হয়নি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে দেখে হতাশ হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও। তবে হতাশার মাঝেও প্রিয় দলের প্রতি নিজের অটুট সমর্থনের বার্তা দিয়েছেন তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলটির এমন ঐতিহাসিক বিদায়ে বিশ্বজুড়ে কোটি সমর্থকের মতো মন ভেঙেছে স্পর্শিয়ারও।

জার্মানির হারের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দলটির জার্সি পরা একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিতে তাকে জার্মানির ঐতিহ্যবাহী সাদা হোম জার্সি ও নীল জিন্স পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। তবে ছবির ক্যাপশনে ফুটে ওঠে প্রিয় দলের পারফরম্যান্স নিয়ে তার ক্ষোভ, অভিমান এবং অটুট ভালোবাসা।

স্পর্শিয়া লিখেছেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’

জার্মানির গৌরবময় প্রত্যাবর্তনের আশাও ব্যক্ত করেন তিনি। পোস্টে আরও লেখেন, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’

উল্লেখ্য, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Share.
Leave A Reply

Exit mobile version