ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন। হালকা গোলাপি লেহেঙ্গায় উপস্থিত হয়ে নজর কাড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফিতা কেটে উদ্বোধনের পর নিজের পোশাক পছন্দ, ব্যক্তিগত জীবন, ব্যবসা এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নিজের পোশাক নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি সবসময় হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত সিনেমা লাল শাড়ি-এর সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই বেশি প্রাধান্য পায়।

নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করেন এই নায়িকা। তিনি বলেন, বিয়ের সময় তিনি লেহেঙ্গা পরেছিলেন, যার রঙ ছিল হালকা। তবে ব্লাউজটি ছিল কিছুটা রঙিন।

এ সময় শাকিব খান-এর পছন্দে সেই পোশাক নির্বাচন করা হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতেই উত্তর দেন অপু। তিনি বলেন, তখন তিনি জানতেন না এটি শাকিবের পছন্দ কি না। তবে পোশাকটি দেখার পর তার মনে হয়েছিল হয়তো এটি তার পছন্দ হয়েছিল।

ব্যক্তিগত ব্যবসা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। নিজের পার্লার ব্যবসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি জানান, মালিক হিসেবে তিনি পার্লারে গিয়ে নিজে কাউকে ফেসিয়াল করান না বা সরাসরি সার্ভিস দেন না। তবে তার প্রতিষ্ঠানে কয়জন ফেসিয়াল করালেন বা কী হচ্ছে, সে বিষয়ে তিনি পূর্ণ খবর রাখেন।

অপু বিশ্বাস বলেন, আমি আমার পার্লারে গিয়ে নিশ্চই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না। বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জনের হয়েছে। তো এরকম অশিক্ষিতের মত অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ঐ জায়গা থেকে আমি বলব যে আমি সোশ্যাল মিডিয়াতে ওভাবে দেখা হয় না, আমি বরাবরও বলে আসছি এখনও বলছি। বাট আমি যত খবর পাই, শুনি, ডিসিশন দেই, বলি এভাবেই।

এ সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি বলেন, আসলে আমি ২০০৭-২০০৮ এ যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন একটা ফুল ফেইজের চলচ্চিত্র আপনারা দেখেছেন। এবং সেখান থেকেও কিন্তু আপনারা ভক্ত হিসেবে সৃষ্টি হয়েছেন। এরপর একটা সময়ে, ২০১৬ তে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি। পক্ষ-বিপক্ষ থাকবে। বলিউড নেই? হলিউড নেই? টলিউড তো পাশেই। সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। কিন্তু এটা (ঢালিউড) ডাস্টবিন ছাড়া কিছুই না।

Share.
Leave A Reply

Exit mobile version