রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর বাস ও লেগুনার সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪০) আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মৈকুলি এলাকায়; তিনি নিজাম উদ্দিনের ছেলে।
লেগুনার যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর একটি দ্রুতগামী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে; তার পরিচয় নিশ্চিতে কাজ চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন , ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে; মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


