ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল চার স্কুলছাত্রী। এরপর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই চার স্কুলছাত্রীর পরিবার।
ছাত্রীরা হলো— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।
খুশির বাবা মানিক চন্দ্র বলেন, মঙ্গলবার সকালে ৬টার সময় চারজন মিলে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপরে রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি। স্কুল ও প্রাইভেটে খোঁজ নিয়ে জানতে পারি, তারা কোথাও যায়নি। পরে রাতে থানায় গিয়ে জিডি করেছি। মেয়েগুলোকে আমরা ফেরত চাই।
বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসেছিল। বিষয়টি জানিয়ে তারা সাধারণ ডায়েরি করেছেন। আমরা খোঁজাখুঁজি শুরু করেছি।


