ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন গিটারিস্ট রাসেল খান। সুস্থ হয়ে আবারও গিটারের সুরে মঞ্চ মাতাবেন, এমন প্রত্যাশার মধ্যেই এলো তার মৃত্যুর খবর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে কাজ করা এই শিল্পী।

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। রাসেল খানের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহশিল্পী ও যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু।

কয়েক দিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় ভুগছিলেন রাসেল খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় অবস্থান করছিলেন।

দেশের সংগীতাঙ্গনে রাসেল খান ছিলেন পরিচিত ও শ্রদ্ধার একটি নাম। তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি দেশের প্রথম সারির বহু জনপ্রিয় ও কিংবদন্তি সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন। স্টুডিওতে গান রেকর্ডিং থেকে শুরু করে লাইভ শো ও কনসার্ট বিভিন্ন আয়োজনে গিটারে সুর তুলে শিল্পীদের পরিবেশনায় বাড়তি মাত্রা যোগ করতেন তিনি।

মঞ্চে গায়কের পেছনে দাঁড়িয়ে গিটারের তারে সুর তোলার মধ্য দিয়েই নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন রাসেল খান। তার বাজানো গিটার অনেক শিল্পীর গানের পরিবেশনাকে করেছে আরও প্রাণবন্ত। তবে যন্ত্রসংগীতশিল্পী হিসেবেই শুধু নয়, নিজের কণ্ঠেও গান গেয়ে মাঝেমধ্যে শ্রোতাদের মুগ্ধ করতেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version