খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা এলাকার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে বসে ছিলেন। হঠাৎ দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে রাস্তায় নিয়ে যায়। এরপর তার মাথায় পরপর দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version