খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হলেন নীতি দত্ত চাকমা (৪৫), যিনি সংগঠনটির পানছড়ি উপজেলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নীতি দত্ত চাকমা একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, নিহতের পেটে গুলির আঘাত ছিল এবং তার বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এই হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, স্থানীয় মেলা কেন্দ্রিক অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version