বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনী ইশতেহারের মত স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন প্রচারণা চালিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে।
নির্বাচনের আগে থেকেই সংবিধান সংস্কার নয় সংবিধান সংশোধনের কথা বলেছে বিএনপি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করতে চায় সরকার।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভার আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি। যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। এসময় তিনি বলেন, দেশে গণতন্ত্রকে সুসংহত করতে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বিএনপি। আর জুলাইকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিরোধী দল।
অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে করা হয়।


