কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার (১৪ এপ্রিল) টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন ডলি বেগম।
কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ী ঘোষণার পর দেওয়া প্রথম ভাষণে তিনি তার নির্বাচনী এলাকার জনগণ এবং প্রয়াত স্বামী রিজুয়ানকে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “আমি আপনাদের প্রত্যেকের জন্য এবং আমরা একসাথে যা অর্জন করেছি, তার জন্য অত্যন্ত গর্বিত।”
এদিকে, এই উপনির্বাচনে মার্ক কার্নি নেতৃত্বাধীন লিবারেল পার্টি টরন্টোর দুটি আসনে জয়লাভ করে। এর ফলে কানাডার হাউজ অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন নিশ্চিত হয়েছে।
নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ভোটাররা তাদের সরকারের পরিকল্পনার ওপর আস্থা রেখেছেন, এবং সেই আস্থার প্রতিফলন ঘটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
উপনির্বাচনের আগে লিবারেল পার্টির আসন সংখ্যা ছিল ১৭১টি। ডলি বেগমের জয়সহ বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪-এ। এই সংখ্যাগরিষ্ঠতা সরকারকে ২০২৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত স্থিতিশীলভাবে দেশ পরিচালনা এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিল সহজে পাস করতে সহায়তা করবে।


