গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় খনি ধসে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় অবস্থিত একটি কোলটান খনিতে।

প্রদেশের বিদ্রোহীসমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি গত বুধবার ধসে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, ভূমিধসে খনিশ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীদেরসহ ২০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু মানুষকে উদ্ধার করা হলেও অনেকের অবস্থা গুরুতর। আহত অন্তত ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে বর্ষাকাল চলায় মাটি নরম ও দুর্বল হয়ে পড়েছে। ভুক্তভোগীরা খনির ভেতরে অবস্থান করার সময়ই মাটি ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিয়োজিত উত্তর কিভু প্রদেশের গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি। তবে প্রাণহানির সংখ্যা অনেক বেশি বলে ইঙ্গিত দেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এএফপি নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

Share.
Leave A Reply

Exit mobile version