চকচকে আলো আর ক্যামেরার ঝলকানির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা সংগ্রামের গল্প। সেই গল্পগুলোরই একটি নাম বিদ্যা সিনহা মিম—যিনি চ্যালেঞ্জকে সঙ্গী করেই শোবিজে পার করেছেন দেড় দশকেরও বেশি সময়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি খুলে বলেছেন নিজের ক্যারিয়ারের উত্থান-পতন, টিকে থাকার লড়াই আর না হার মানা মানসিকতার গল্প।

মিমের মতে, সাফল্যের শীর্ষে পৌঁছানো যতটা কঠিন, তার চেয়েও কঠিন সেখানে স্থির থাকা। তার ভাষায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’

গ্ল্যামার জগতে অনেকেই দ্রুত আলোচনায় আসেন, আবার সময়ের সঙ্গে হারিয়েও যান। তবে মিম বিশ্বাস করেন, ধৈর্য আর নিয়মানুবর্তিতাই একজন শিল্পীকে দীর্ঘ পথচলায় টিকিয়ে রাখে। তিনি বলেন, ‘আমার যেই জার্নিটা, এখানে ধৈর্য, ডিসিপ্লিন—সবকিছু মেইনটেইন করে কাজ করে যাচ্ছি বলেই হয়তো এখনো পর্যন্ত টিকে আছি।’

ব্যর্থতা কিংবা কাজ থমকে যাওয়ার অভিজ্ঞতা তার জীবনেও এসেছে। কিন্তু সেসব কখনোই তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং প্রতিকূল সময়েই নিজেকে নতুন করে গড়ে তুলেছেন এই অভিনেত্রী।

নিজের লড়াকু মনোভাবের কথা বলতে গিয়ে মিম বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। কোনো কিছুতে যদি মনে হয় এটা হচ্ছে না, তাহলে ভাবি—ঠিক আছে, আরেকটা হবে। আমি সবসময় নিজেকে উৎসাহ দিতে থাকি কাজের জন্য।’

সব মিলিয়ে, বিদ্যা সিনহা মিমের এই দীর্ঘ পথচলা যেন প্রমাণ করে—সাফল্য শুধু অর্জনের নয়, সেটাকে ধরে রাখার লড়াইটাও সমান গুরুত্বপূর্ণ।

Share.
Leave A Reply

Exit mobile version