আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা। অংশগ্রহণকারীদের সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।

দুদিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ, নীতি নির্ধারণ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা বৃদ্ধির বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশনের প্রথম বৈঠক আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য নিবিড় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে এই কর্মশালায়।

এ ছাড়া মন্ত্রীদের জন্য দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version