চেনা শাড়ি কিংবা গাউনের গণ্ডি পেরিয়ে এবার একেবারে ভিন্ন এক আবহে ধরা দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আধুনিক পোশাক, আত্মবিশ্বাসী অভিব্যক্তি আর স্টাইলিশ উপস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার সাম্প্রতিক কিছু ছবি ইতোমধ্যেই ভক্তদের মাঝে কৌতূহল আর প্রশংসার ঝড় তুলেছে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। সেখানে তাকে দেখা যায় কালো রঙের একটি টপস ও উজ্জ্বল সবুজ প্রিন্টেড স্কার্টে। আধুনিকতার সঙ্গে ক্ল্যাসিক আবহ মিশিয়ে তৈরি করা এই লুকে বেশ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়ালও পুরো ফটোশুটে এনে দিয়েছে আলাদা নান্দনিকতা।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।’ তার এই বার্তা ও ব্যতিক্রমী উপস্থিতি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। কমেন্টে অনেকেই অভিনেত্রীর নতুন স্টাইলের প্রশংসা করেছেন।

শাড়ি-গাউনের পরিচিত লুক থেকে বেরিয়ে আসা অপু বিশ্বাসের এই উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো তার আসন্ন সিনেমা দুর্বার-এর কোনো বিশেষ লুক। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি একটি শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এই সাজে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

নতুন সিনেমার দৃশ্যমান অগ্রগতি না থাকলেও বিভিন্ন ব্র্যান্ড ও শো-রুম উদ্বোধনী আয়োজনে নিয়মিত অংশ নিতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। আর সেই উপস্থিতির মাধ্যমেই ভক্তদের আলোচনায় থাকছেন এই ঢালিউড তারকা।

Share.
Leave A Reply

Exit mobile version