নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর তিনি মনোনয়নপত্র জমা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

আরপিওর ১২(১)(চ) ধারায় উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের তিন বছরের মধ্যে থাকেন, তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বিবেচিত হবেন।

তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং গত বছরের ডিসেম্বর মাসে চাকরি থেকে পদত্যাগ করেন। সে হিসেবে তার চাকরি ছাড়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত।

Share.
Leave A Reply

Exit mobile version