ইরান যুদ্ধের প্রভাব এবার পড়তে যাচ্ছে বৈশ্বিক কনডমের বাজারে। বিশ্বের অন্যতম শীর্ষ কনডম উৎপাদনকারী মালয়েশিয়ার কারেক্স বারহাদ কনডমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত বলেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা আরও বিঘ্নিত হলে দাম আরও বাড়তে পারে।
তিনি বলেন, “পরিস্থিতি নিঃসন্দেহে অত্যন্ত নাজুক এবং উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। এই মুহূর্তে বাড়তি খরচের চাপ গ্রাহকদের ওপর দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”
ফেব্রুয়ারির শেষদিকে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকেই সিন্থেটিক রাবার, নাইট্রাইল, প্যাকেজিং সামগ্রী, অ্যালুমিনিয়াম ফয়েল এবং সিলিকন তেলের মতো কাঁচামালের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে পেট্রোকেমিক্যাল সরবরাহে বাধা সৃষ্টি হওয়ায় এই উৎপাদন সংকট দেখা দিয়েছে।
একদিকে যেমন সরবরাহ কমছে, অন্যদিকে বিশ্বজুড়ে কনডমের চাহিদা প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
গোহ মিয়াহ কিয়াত জানান, বর্তমানে অনেক উন্নয়নশীল দেশে কনডমের পর্যাপ্ত মজুত নেই।
হাজার হাজার পণ্যবাহী জাহাজ সমুদ্রে আটকে থাকায় নির্ধারিত সময়ে পণ্য গন্তব্যে পৌঁছাতে পারছে না, ফলে সংকট আরও গভীর হচ্ছে।
প্রতিবছর কারেক্স বারহাদ ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে। প্রতিষ্ঠানটি ডিউরেক্স ও ট্রোজান-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি ব্রিটেনের এনএইচএস এবং জাতিসংঘের বৈশ্বিক সহায়তা কর্মসূচিতেও পণ্য সরবরাহ করে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কনডমের দাম বেড়ে গেলে বৈশ্বিক পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কর্মসূচি বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

