ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মাটিচাপা পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কমপক্ষে ৮০ জন নিখোঁজ রয়েছেন। গত ২৪ জানুয়ারি, শনিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। স্থানীয় প্রশাসনের ধারণা, আগের দিন শুক্রবার থেকে শুরু হওয়া টানা ও প্রবল বর্ষণই এই ভূমিধসের মূল কারণ।

গ্রামের বাসিন্দা দেদি কুরনিওয়ান (৩৬) বার্তা সংস্থা এএফপিকে জানান, তারা এর আগে কখনও এমন ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হননি। তিনি বলেন,
“বৃষ্টি বেশি হলে কখনো কখনো পাশের নদী থেকে গ্রামে পানি ঢুকে পড়ে, তবে তা অল্প সময়েই নেমে যায়। কিন্তু শনিবারের আগ পর্যন্ত এই গ্রামে কখনও ভূমিধস হয়নি। এই প্রথম আমরা এমন বিপর্যয় দেখলাম।”

ভূমিধসে নিখোঁজদের সন্ধানে দুর্যোগ মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। তবে থেমে থেমে বৃষ্টিপাত চলতে থাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না, ফলে উদ্ধার তৎপরতা প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ এবং বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত তুলনামূলক কম হয়ে থাকে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই চিত্র বদলে যাচ্ছে। গত নভেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত রাজধানী জাকার্তা ছাড়াও পশ্চিম জাভা, সুমাত্রাসহ বিভিন্ন প্রদেশে ঘন ঘন ভারী বর্ষণ, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে।

সূত্র: এএফপি

Share.
Leave A Reply

Exit mobile version