ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। প্রিয় দলকে ঘিরে যখন সমর্থকদের উত্তেজনা তুঙ্গে, তখন ভিন্ন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ব্রাজিলের সমর্থক হয়েও তিনি শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনাকে।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর পর থেকেই সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ অঙ্গনেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। প্রিয় দলকে নিয়ে চলছে নানা আলোচনা, বিশ্লেষণ আর সমর্থনের প্রকাশ।
এই ফুটবল উন্মাদনায় গা ভাসিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শীও। তবে নিজের পছন্দের দল ব্রাজিল হলেও, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতি শুভকামনা জানিয়ে নজর কেড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করেন পড়শী। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’
পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন, ব্রাজিলের সমর্থক হয়েও প্রতিদ্বন্দ্বী দলের জন্য এমন শুভকামনা জানানো খেলাধুলার সৌন্দর্য ও ইতিবাচক মানসিকতারই প্রতিফলন।



