মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। টানা দুই দিন দরপতনের পর সরবরাহব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়তে থাকায় বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সংঘাত এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করেছে, যার প্রভাব পড়েছে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই তেলের দামে।

বুধবার দিবাগত মধ্যরাত থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা এবং যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি করেছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবর বিশ্বব্যাপী জ্বালানি তেলের রিজার্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বাড়তে পারে এবং এর সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি ব্যয়ের ওপর।

সূত্র: আলজাজিরা

Share.
Leave A Reply

Exit mobile version