চলতি আইপিএলে একের পর এক ধাক্কায় দিশেহারা মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠের পারফরম্যান্সে হতাশা থাকলেও এবার দলটির দুশ্চিন্তা আরও বেড়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সহ-অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে। দুজনেরই পরবর্তী ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়ায় নেতৃত্ব সংকটে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় উঠে এসেছে রোহিত শর্মার নাম।
রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সেই ম্যাচের আগে দলটি রায়পুরে গেলেও পুরো স্কোয়াড একসঙ্গে যায়নি। একাধিক ভাগে সফর করেছে ক্রিকেটাররা। প্রথম দফায় যাওয়ার কথা ছিল অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। কিন্তু তিনি যাননি। পরে দ্বিতীয় দফায় যাওয়ার কথা ছিল সূর্যকুমার যাদবের, তিনিও দলের সঙ্গে যোগ দেননি। ফলে দুজনেরই ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
এর আগেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে খেলেননি হার্দিক। জানা গেছে, পিঠের ব্যথার কারণেই বিশ্রামে রয়েছেন তিনি। হার্দিকের অনুপস্থিতিতে সেই ম্যাচে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। তবে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে তারও দলের সঙ্গে না যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও সূর্যর অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি।
এই পরিস্থিতিতে আবারও অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে রোহিত শর্মাকে। দীর্ঘদিন মুম্বাইকে নেতৃত্ব দিয়ে সফলতার শিখরে তোলা এই অভিজ্ঞ ওপেনার সম্প্রতি চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করেছিলেন। লক্ষ্ণৌয়ের বিপক্ষে তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ভালো ব্যাটিংও করেন।
তবে অধিনায়কত্ব মানেই পুরো ২০ ওভার মাঠে থাকা। তাই রোহিতের ফিটনেস নিয়েও রয়েছে সংশয়। জানা গেছে, রবিবার সকাল পর্যন্ত তার ফিটনেস পর্যবেক্ষণ করবে টিম ম্যানেজমেন্ট। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আর সেটি সম্ভব না হলে নতুন কাউকে দায়িত্ব দিতে হবে দলটিকে।

