ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে অসাধারাণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশা। আর দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ড্র করতে পেরেছিল স্বাগতিকরা। একারণেই ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন তিনি।
গত মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে একাই শ্রীলঙ্কাকে টেনেছেন দিনুশা। দুই টেস্টের চার ইনিংসে ১৪০ গড়ে তিনি সংগ্রহ করেন সিরিজের সর্বোচ্চ ৪২০ রান। তার ব্যাট থেকে আসে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি।
গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা ১৬৫ রানে হেরে গেলেও দুই ইনিংসে ১০০ ও ৮৪ রান করে একা লড়াই চালান তিনি। এরপর কলম্বোয় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে দলকে হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচাতে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি (১০৩ এবং অপরাজিত ১৩৩*) হাঁকান।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত দিনুশা জানান, ‘এই স্বীকৃতি আমার কাছে অনেক বড় এক অর্জন। ক্যারিয়ারের শুরুতেই এমন সম্মান পেয়ে আমি দারুণ গর্বিত ও অনুপ্রাণিত। শ্রীলঙ্কা দলের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ই সম্মানের, আর দেশের সমর্থকদের সামনে এমন পারফর্ম করতে পারাটা স্বপ্নের মতো।’
গত বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া এই তরুণ অলরাউন্ডার জানান, এই পুরস্কার তাকে সামনে আরও ভালো খেলা উপহার দিতে এবং শ্রীলঙ্কা দলকে ধারাবাহিক সাফল্য এনে দিতে উৎসাহিত করবে।

