করদাতাদের কর নথি (ফাইল) অডিটে পড়ার ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করে অডিট বা আইনি জটিলতার ভয় দেখিয়ে টাকা দাবি করা হচ্ছে।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের কোনো কর্মী কর ফাইল অডিট বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।
করসংক্রান্ত বকেয়া বা ফি সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তার করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার এখতিয়ার নেই। বিকাশ, রকেট, নগদসহ কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও অর্থ গ্রহণ করা হয় না।
সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা বা ইমেইল পেলে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে এনবিআর। করদাতাদের অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে বলা হয়েছে।
কোনো প্রতারক এনবিআরের কর্মকর্তা সেজে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। একই সঙ্গে প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা দিতে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

