নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজধানীতে উত্তাল হয়ে উঠেছেন সরকারি কর্মচারীরা। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে গেলে আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন সরকারি চাকরিজীবীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি কর্মচারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন তারা।
আন্দোলনকারীরা বলেন, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বাড়ি ফিরবেন না। বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও এখনো গেজেট প্রকাশ না করায় তাদের সঙ্গে অবিচার করা হয়েছে।
এদিকে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। গত ২৭ জানুয়ারি সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।


