জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্বয়ংক্রিয় পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় ধাপে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত করেছে। রাজস্ব আদায়ে গতি বাড়ানো এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঝুঁকিভিত্তিক (রিস্ক বেসড অডিট ক্রাইটেরিয়ন) পদ্ধতিতে সম্পূর্ণ অটোমেটেড ব্যবস্থায় এই নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, এর আগে প্রথম ধাপে ২০২৫ সালের জুলাই মাসে র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য নির্বাচিত করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ঝুঁকিভিত্তিক মানদণ্ড অনুসরণ করে প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে বাছাই করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিট নির্বাচনের পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হওয়ায় এতে কোনও ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। ফলে করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের স্বচ্ছতা প্রত্যাশা পূরণ হয়েছে।

অডিটের জন্য নির্বাচিত টিআইএনধারীদের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই স্বয়ংক্রিয় পদ্ধতি রাজস্ব বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে মনে করছে সংস্থাটি।

Share.
Leave A Reply

Exit mobile version