দেশজুড়ে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বসন্তের শেষ সময়ে কালবৈশাখী ঝড়ের সক্রিয়তায় আবারও দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে সাময়িক স্বস্তি আনলেও জনজীবনে কিছুটা ভোগান্তির কারণ হতে পারে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, এসব ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে স্বস্তির খবর হচ্ছে, আজ দেশের কোথাও তাপপ্রবাহের আশঙ্কা নেই। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

অন্যদিকে, এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। শুক্রবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন থেকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version