দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতার মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে এসব অঞ্চল ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ প্রসঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, এমনকি দেশের আরও কিছু এলাকায় তা বিস্তার লাভের আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ৪৯ মিলিমিটার।


