পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর ধরে আমরা চরম বঞ্চনার শিকার হয়েছি। উন্নয়ন ও অধিকারের প্রশ্নে আমাদের বারবার অবহেলা করা হয়েছে। তবে সেই বঞ্চনার দিন এখন শেষ। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মধ্য দিয়েই আমরা প্রমাণ করেছি যে, বিএনপি চাইলে জনগণের দাবি আদায় করতে পারে।
শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক।
নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘অনেক সময় সব সত্য বুঝতে পেরেও বৃহত্তর স্বার্থে আমাদের নীরব দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু সেই নীরবতা ছিল প্রস্তুতির। গত ১৭ বছর রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের নাগরিক সুবিধা থেকে এই অঞ্চলের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়।’
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরের উন্নয়নে আমরা বদ্ধপরিকর। এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন (ইকোনমিক জোন) গঠনের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া হবে।
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবুর বিশেষ উপস্থিতিতে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


